কুমিল্লা জেলার অক্টোবর মাসের শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. সাজেদুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান ও পুলিশি কার্যক্রমে দক্ষতার স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা পেয়েছেন। এর আগে আরও তিনবার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে কুমিল্লা পুলিশ লাইনসের মিলনায়তনে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় ‘ক’ ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ ওসির পুরস্কার দেওয়া হয়। সভা শেষে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম (সেবা) তার হাতে সম্মাননা তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, সাজেদুল ইসলামের নেতৃত্বে দাউদকান্দি মডেল থানায় নিয়মিত টহল জোরদার, মাদক উদ্ধার, অপরাধী গ্রেপ্তার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এবং মাদকবিরোধী অভিযানেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
থানায় যোগদানের পর থেকে বিট পুলিশিং কার্যক্রম, নিয়মিত অভিযান ও আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন ওসি সাজেদুল ইসলাম।