খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ায় ‘বিশ্ব-শান্তি বুদ্ধধাতু বোগোঃ জাদি’ ভবনের প্রথম ধাপের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু। শুক্রবার (২৭ নভেম্বর) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁইয়া এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা।
সকাল থেকেই জাদি প্রাঙ্গণে ভক্ত ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমাগম ঘটে। বৌদ্ধ ধর্মীয় রীতি অনুসারে মন্ত্রোচ্চারণ ও প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে ঢালাই কাজের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে দেশ, জাতি, পার্বত্য অঞ্চলসহ সমগ্র বিশ্বের শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। মন্ত্রী ও সংসদ সদস্যরাও এতে অংশ নেন।
পরে বেলুন উড়িয়ে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও শান্তির প্রতীক হিসেবে মন্ত্রী সাচিং প্রু উপস্থিত তিন সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জাদি প্রাঙ্গণে নাকশা ফুলের চারা রোপণ করেন।
উল্লেখ্য, ঐতিহ্যবাহী এই জাদির প্রতিষ্ঠাতা বান্দরবানের ক্যলমংপাড়ার বাসিন্দা উক্যচিং মার্মা, যিনি স্থানীয়ভাবে কেতু মার্মা নামে পরিচিত।




