ইলিশ সংরক্ষণের পরিকল্পনায় শুধু মাছের উৎপাদন ও প্রজনন নয়, জেলেদের জীবন-জীবিকা, সামাজিক মর্যাদা এবং ভবিষ্যৎ নিরাপত্তাকেও সমান গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
শুক্রবার রাজধানীর বনানীর শেরাটন ঢাকা হোটেলে ‘বে অব বেঙ্গল’ অঞ্চলে ইলিশের টেকসই মৎস্যসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ইলিশ বাংলাদেশের জাতীয় পরিচয়, ঐতিহ্য ও খাদ্যসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। দেশের অর্থনীতির পাশাপাশি অসংখ্য মানুষের কর্মসংস্থান, খাদ্য ও পুষ্টিনিরাপত্তার সঙ্গে এ মাছের সম্পর্ক রয়েছে। ইলিশ খাতের বার্ষিক অর্থনৈতিক মূল্য প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলার। এ খাতের সঙ্গে জেলে পরিবার ছাড়াও ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও প্রক্রিয়াজাতকরণ কাজে যুক্ত বিপুলসংখ্যক মানুষ নির্ভরশীল।
তিনি জানান, ইলিশের প্রজনন ও উৎপাদন বাড়াতে অভয়াশ্রম প্রতিষ্ঠা, প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা এবং জেলেদের সামাজিক নিরাপত্তা কর্মসূচি চালু রয়েছে। তবে নিষেধাজ্ঞার সময় জেলেদের আয় বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে সময়মতো সহায়তা, বিকল্প কর্মসংস্থান ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
ইলিশ ব্যবস্থাপনায় বিজ্ঞানভিত্তিক গবেষণার পাশাপাশি জেলেদের দীর্ঘদিনের অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। তার মতে, ইলিশের বিচরণ ও প্রজননক্ষেত্র, পানির প্রবাহ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সমন্বিত পরিকল্পনা নিতে হবে।
মধ্যস্বত্বভোগী ও দাদননির্ভর ব্যবস্থার কারণে জেলেরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, অনেক ক্ষেত্রে জেলেরা সরাসরি ক্রেতার কাছে মাছ বিক্রির সুযোগ পান না। এতে জেলেদের ক্ষতির পাশাপাশি ভোক্তাদেরও বেশি দামে মাছ কিনতে হয়। এ সমস্যা সমাধানে কার্যকর নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে সরকার কাজ করছে।
কর্মশালায় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিবসহ দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।