দেশের প্রতিটি জেলায় বছরজুড়ে খেলাধুলার পরিবেশ তৈরি করতে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী জানুয়ারি থেকে ৬৪ জেলার জন্য বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার চালু করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
প্রতিমন্ত্রী জানান, ক্রীড়া ক্যালেন্ডারে ফুটবল, ক্রিকেট, ভলিবল, দাবা, টেবিল টেনিস ও অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলার প্রতিযোগিতার সময়সূচি থাকবে। এর ফলে সারা বছর মাঠে খেলাধুলার আয়োজন অব্যাহত থাকবে। খেলাধুলার মাধ্যমে ঐক্যবদ্ধ ও সুশৃঙ্খল জাতি গঠনের লক্ষ্যেও কাজ করবে সরকার।
নিজের ফুটবল জীবনের স্মৃতিচারণ করে আমিনুল হক বলেন, মাত্র ১২ বছর বয়সে সিলেট জেলা স্টেডিয়াম থেকেই তার ফুটবল ক্যারিয়ারের সূচনা হয়েছিল। সে কারণে সিলেটের প্রতি তার বিশেষ ভালোবাসা রয়েছে। একসময় একই মাঠে খেলা গোলরক্ষক নাচনের কথাও স্মরণ করেন তিনি।
বর্তমান সরকারের নয় মাস পূর্তির প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী পাঁচ বছরে দেশের ক্রীড়াঙ্গনে দৃশ্যমান পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন তিনি। ভবিষ্যতে অলিম্পিক, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসে শুধু অংশগ্রহণ নয়, পদক জয়ের লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
সিলেট জেলা ক্রীড়া সংস্থাকে আরও শক্তিশালী করতে জেলা প্রশাসকের কার্যকর ভূমিকা কামনা করেন আমিনুল হক। পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসকের সঙ্গে আলোচনা করে সংস্থাটিকে নতুনভাবে সাজানোর পরামর্শ দেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।