কুড়িগ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মাদকবিরোধী আন্দোলনের নেতারা। জেলায় গাঁজার চাষ কিংবা ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদক তৈরির কারখানা না থাকলেও এসব মাদকের অবাধ উপস্থিতির জন্য সীমান্তপথে চোরাচালানকে দায়ী করেছেন তারা। একই সঙ্গে মাদক পাচার বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নে মাদকবিরোধী মিছিল ও সমাবেশে এসব কথা বলেন বক্তারা। ইউনিয়নের কলেজ মোড় এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি মোজাফফর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা মাদক প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কুড়িগ্রামে গাঁজার চাষ হয় না। ইয়াবা, ফেনসিডিলসহ অন্যান্য মাদক তৈরির কোনো কারখানাও নেই। তারপরও এসব মাদক জেলায় পাওয়া যাচ্ছে। তার মতে, সীমান্তপথে ভারত থেকে এসব মাদক বাংলাদেশে প্রবেশ করছে।
তিনি আরও বলেন, কুড়িগ্রামের মোট ২৭৮ কিলোমিটার সীমান্তের মধ্যে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার, কালজানি ও জিঞ্জিরাম নদীসংলগ্ন ৩২ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নেই। এই সীমান্তের উন্মুক্ত অংশ দিয়ে মাদক দেশে প্রবেশের সুযোগ পাচ্ছে বলে তিনি দাবি করেন।
জেলার মাদক পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, কুড়িগ্রাম জেলা কারাগারের ধারণক্ষমতা মাত্র ২০৩ জন হলেও সেখানে বন্দি রয়েছেন ৬৭৫ জন। তাদের মধ্যে ২৫০ জন মাদক মামলার আসামি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্যের সঙ্গে কতিপয় রাজনৈতিক নেতাকর্মীর সংশ্লিষ্টতার কারণে মাদক সীমান্ত পেরিয়ে জেলায় প্রবেশ করছে বলে অভিযোগ করেন তিনি।
সমাবেশে কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার বলেন, মাদক ব্যবসার মাধ্যমে কেউ কেউ অর্থবিত্তের মালিক হলেও এর বিনিময়ে সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই চলতে দেওয়া যায় না। তিনি মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যক্রমেও বিভিন্ন ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা মাদক প্রতিরোধ কমিটির সহসভাপতি ও বিশিষ্ট ব্যাংকার আনিসুর রহমান ফিরোজ, সহসভাপতি আব্দুল জলিল, কুড়িগ্রাম সদর মাদক প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল আখের, জেলা নিকাহ রেজিস্ট্রার সমিতির সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জুয়েল এবং পাঁচগাছী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির সদস্যসচিব জয়নাল আবেদীন।
এ ছাড়া সমাবেশে অধ্যক্ষ এরশাদুল হক, আব্দুর রাজ্জাক, আব্দুল জলিল, রেজাউল করিম রেজা ও বাবলুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সমাবেশ থেকে সীমান্তপথে মাদক প্রবেশ বন্ধ, মাদক কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।