বাগেরহাটে বিনামূল্যে চিকিৎসাসেবা, পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ বিতরণের বিশেষ আয়োজন করেছে বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশন। দিনব্যাপী এ আয়োজনে সহস্রাধিক রোগী চিকিৎসাসেবা পেয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি জটিল রোগে আক্রান্ত রোগীদের অস্ত্রোপচারের ব্যবস্থাও করা হয়। এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবাগ্রহীতা ও তাদের স্বজনরা।
শুক্রবার (২৭ নভেম্বর) বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এভারকেয়ার, ইউনাইটেড, হলিফ্যামিলি, সিএমএইচ, বারডেমসহ বিভিন্ন হাসপাতালের ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেন।
ক্যাম্পে বিভিন্ন রোগে আক্রান্ত অসহায় ও দরিদ্র মানুষের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ সরবরাহ করা হয়। এ ছাড়া সন্ধ্যায় জটিল রোগে আক্রান্ত রোগীদের বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে ল্যাপারোস্কপিসহ বিভিন্ন ধরনের অস্ত্রোপচার সম্পন্ন করা হয়।
বাগেরহাট মেডিকেল ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. এস এম আবু জাফরের সভাপতিত্বে সকালে ক্যাম্পের উদ্বোধন করেন যুগ্ম সচিব শেখ মো. জাকির হোসেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন, সাবেক সচিব ও মেডিকেল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ড. মো. ফরিদুল ইসলাম বাবলু, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দিপুসহ বাগেরহাটের সন্তান বিশেষজ্ঞ চিকিৎসকরা।