ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি-বোড়াই এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সরকারবিরোধী স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় হাইওয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলের বহর নিয়ে সাধুহাটি-বোড়াই এলাকার প্রধান সড়কে এ বিক্ষোভের ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতা মুছা করিম খোকা দাবি করেন, জুমার নামাজের সময় ছাত্রলীগের জেলা সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে ৩০ থেকে ৩৫টি মোটরসাইকেলের একটি বহর সাধুহাটির ১২ মাইল এলাকার লালন ফিলিং স্টেশন থেকে মহড়া শুরু করে। পরে সাধুহাটি মোড়ে স্লোগান দিয়ে মিছিল করলে তিনি স্থানীয় লোকজন নিয়ে তাদের ধাওয়া করেন। একপর্যায়ে বোড়াই মাঠের কাছে সড়কে মোটরসাইকেল রেখে অবরোধ সৃষ্টি করে বিক্ষোভকারীরা। এতে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়।
এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দলের সাধুহাটি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান কাজী নাজির উদ্দীনের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন মুছা করিম খোকা। তার দাবি, বিএনপির ছত্রছায়ায় থেকে তিনি গোপনে দলকে সংগঠিত করার চেষ্টা করছেন।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, হাইওয়ে পুলিশের টহল দল পৌঁছানোর পর বিক্ষোভকারীরা দ্রুত ঘটনাস্থল ছাড়ার চেষ্টা করে। এ সময় হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম ও স্থানীয় লোকজন ধাওয়া করলে তারা মোটরসাইকেল ফেলে ছত্রভঙ্গ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী বদরগঞ্জ বাজারের সজিব হোসেন জানান, বিক্ষোভকারীদের কয়েকজন একজোট হয়ে পুলিশের গাড়ির দিকে এগিয়ে গিয়ে ‘মাইর হবে, মাইর হবে’ বলে চিৎকার করে। পরে স্থানীয় লোকজনের হৈচৈয়ের মধ্যে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। ঝিনাইদহ-ল-১১-৯২৬৭ নম্বরের মোটরসাইকেলটি বর্তমানে আরাপপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
ভিডিওতে হেলমেট পরা এক ব্যক্তিকে পুলিশের কাছ থেকে ঝিনাইদহ-হ-১৪-২৮২৯ নম্বরের আরেকটি মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেও দেখা যায়। পরে বিক্ষোভকারীরা চুয়াডাঙ্গার দিকে চলে যায়।
সাধুহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তারা জানান, জুমার নামাজের সময় মানুষের ব্যস্ততার সুযোগ নিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে স্লোগান দেয়। নামাজ শেষে লোকমুখে বিষয়টি জানতে পারেন তারা।
খবর পেয়ে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। থানার এসআই রোকনুজ্জামান জানান, ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। জড়িতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে।