রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন ভ্যালি সড়কে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে দুটি সংগঠন। দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা। সংগঠন দুটির সদস্য সচিব বিজয় কান্তি চাকমাও বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাজেকের মাচলং বাজারে দুর্গাপূজা উদযাপিত হবে। পূজা উদযাপন কমিটির অনুরোধ এবং ধর্মীয় উৎসবের প্রতি সম্মান জানিয়ে অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নেতারা জানান, এই কর্মসূচি কোনো রাজনৈতিক দলের প্রভাবে কিংবা কোনো জাতি, ধর্ম বা বর্ণের মানুষের বিরুদ্ধে নয়। সাজেকবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষার স্বার্থেই অবরোধের ডাক দেওয়া হয়েছে। একই সঙ্গে কালক্ষেপণ না করে দুই সংগঠন ও সাজেকবাসীর তিন দফা দাবি বাস্তবায়ন এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
ক্যাপশন: দুর্গাপূজা উপলক্ষে সাজেক সড়কের অবরোধ ২১ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে দুই সংগঠন।