নিষেধাজ্ঞা ও পুলিশের বাধা উপেক্ষা করে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কে প্রকাশ্যে মোটরসাইকেল শোডাউন ও সড়ক অবরোধ করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ ও ৩০ তারিখের ঘোষিত লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরানের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লালন ফিলিং স্টেশন এলাকা থেকে শতাধিক মোটরসাইকেলে প্রায় দুইশ নেতাকর্মী চুয়াডাঙ্গার দিকে শোডাউন শুরু করেন। মিছিলটি বোড়াই মাঠ এলাকায় পৌঁছালে হাইওয়ে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে হাতাহাতি ও ধস্তাধস্তিতে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শী লালনের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত নেতাকর্মীরা পুলিশের দিকে তেড়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, এ সময় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল ইমরান নেতাকর্মীদের শান্ত করে সেখান থেকে সরিয়ে নেন। এতে বড় ধরনের সংঘর্ষ এড়ানো সম্ভব হয়।
পরে পুলিশের উপস্থিতিতেই লাল ও নীল রঙের ধোঁয়া উড়িয়ে সাধুহাটি ইউনিয়ন পরিষদের দিকে এগিয়ে যান নেতাকর্মীরা। এ সময় তাদের মাথায় কমলা রঙের ক্যাপ দেখা যায়। একপর্যায়ে মহাসড়কে বসে পড়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন তারা। এ সময় নিষেধাজ্ঞা ও ট্রাইব্যুনালবিরোধী বিভিন্ন স্লোগান দেন।
এদিকে সড়ক অবরোধ করে মিছিলের বিষয়ে কাযর্ক্রম নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল- ইমরান মুঠোফোনে জানান, সড়ক অবরোধ করে মিছিল করি নাই। আমার নেত্রীর দেশ ফিরিয়ে আনার দাবিতে একটি মোটরসাইকেল শো-ডাউন করেছি। এসময় পুলিশ আমাদের মিছিলে বাঁধা দিলে সংঘাতময় পরিস্থিতি এড়াতে নেতা কর্মীদের অন্যত্র সরিয়ে দিই এবং জনভোগান্তির কথা চিন্তা করে যানচলাচর স্বাভাবিক করে ফিরে যায়৷ এছাড়া লাঠিসোটা নিয়ে দৌড় দেওয়ার ঘটনাটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত অফিসার আসাদউজ্জামান। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। পাশাপাশি মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষ।