তিন দিন ধরে ধর্মীয় আলোচনা, ইবাদত ও দাওয়াতি কার্যক্রমে মুখর ছিল যশোরের উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণ। শেষ দিনে আখেরি মোনাজাতে অংশ নিতে ঢল নামে হাজারো মানুষের। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে এবারের জেলা ইজতেমা।
লাখো মুসল্লির অংশগ্রহণ, ধর্মীয় আলোচনা ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে যশোরে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শেষ হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বেলা ১১টা ১৫ মিনিটে শহরের উপশহর মারকায মসজিদ প্রাঙ্গণে শুরু হয় আখেরি মোনাজাত। ২৫ মিনিট ধরে চলা এ মোনাজাত শেষ হয় বেলা ১১টা ৪০ মিনিটে।
তাবলিগ জামাতের আমির মাওলানা সাদ কান্ধলভীর (নিজামুদ্দিন মারকায) অনুসারীদের উদ্যোগে এ ইজতেমার আয়োজন করা হয়। সমাপনী দিনের মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের মুফতি সামিউল্লাহ মুলতানি (সামিউল্লাহ খান)। এর আগে তার দেওয়া ধর্মীয় বয়ান বাংলায় অনুবাদ করেন কাকরাইল মারকাযের মুকিম মাওলানা সাইফুল্লাহ বিন নুর।
ইজতেমায় বিভিন্ন সময়ে বয়ান পেশ করেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক হাসানুল হায়দার, মুফতি ওসামা, মাওলানা শফিউর রহমান শফি, মাওলানা আব্দুর রহমান ও মুফতি মোস্তাফিজুর রহমান। তাদের আলোচনায় ঈমান-আমল, আত্মশুদ্ধি, দ্বীনের প্রচার এবং ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
গত শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে এবারের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। তিন দিনের এ আয়োজনে যশোরের আট উপজেলা থেকে আসা তাবলিগ জামাতের সাথী, সাধারণ মুসল্লি এবং বিদেশি মেহমানসহ প্রায় এক লাখ মানুষের সমাগম ঘটে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে পুরো মারকায মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা মুসল্লিতে পরিপূর্ণ হয়ে ওঠে।
আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই উপশহর ও আশপাশের এলাকার মানুষের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে ইজতেমার নির্ধারিত মাঠ ও মসজিদ প্রাঙ্গণে জায়গা সংকুলান না হওয়ায় অনেককে আশপাশের বাড়ির ছাদ, সামনের খোলা জায়গা ও সড়কের পাশে অবস্থান নিতে দেখা যায়। সেখান থেকেই তারা মোনাজাতে শরিক হন।
ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিরা জানান, ধর্মীয় জ্ঞান অর্জন, ঈমান ও আমলের উন্নতি, আত্মশুদ্ধি এবং মানুষের মধ্যে দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে তারা এখানে এসেছেন। তিন দিনের এ সমাবেশ তাদের ধর্মীয় অনুশীলন ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রেখেছে বলেও জানান তারা।
ইজতেমা শেষে দাওয়াতি কাজে সময় দিতে মুসল্লিদের একটি অংশ বিভিন্ন এলাকায় যাওয়ার প্রস্তুতি নেন। আয়োজক সূত্রে জানা গেছে, ১০ থেকে ১৫ জন করে সদস্য নিয়ে গঠিত প্রায় ৪০টি জামাত ৪১ দিনের চিল্লায় দেশের বিভিন্ন অঞ্চলে বের হয়েছে। এ ছাড়া অনেক মুসল্লি চার থেকে ছয় মাসের জন্য দ্বীনের দাওয়াতি কার্যক্রমে সময় দেওয়ার পরিকল্পনা করেছেন।
ইজতেমার সার্বিক ব্যবস্থাপনার বিষয়ে জিম্মাদার ইয়ামিনুর রহমান বলেন, প্রশাসনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনার কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই আয়োজন সম্পন্ন করা সম্ভব হয়েছে।
আয়োজক কমিটির সদস্য রেজাউল ইসলাম রাজু জানান, মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, স্থানীয় চৌকিদার এবং তাবলিগ জামাতের নিজস্ব স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করেছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় তিন দিনের আয়োজন শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।




