সিলেটের বিশ্বনাথ উপজেলায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রবিবার (২৯ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে তাদের।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কবির আহমেদ কুব্বার (৬৮), অলংকারি ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস উদ্দিন (৬০) এবং দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আকবর আলী (৬৬)।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় তিনজনের নাম এজাহারভুক্ত রয়েছে। মামলার পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাতে পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. মাহবুবুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা নিয়মিত মামলার আসামি। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।