চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শৃঙ্খলা বজায় রাখা ও যাত্রী হয়রানি বন্ধে অভিযান চালিয়ে ১৬ জনকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে হয়রানির অভিযোগে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বিমানবন্দরের বিভিন্ন স্থানে পরিচালিত এসব অভিযানে মোট ১৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) বিমানবন্দর কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিনের উপস্থিতিতে অভিযান পরিচালিত হয়। গত কয়েক দিন ধরেও বিভিন্ন পয়েন্টে এ কার্যক্রম চালানো হয়েছে।
বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. নুর হোসেন জানান, যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার পাশাপাশি দোকান ও লাউঞ্জের খাবারের মান, পণ্যের মূল্যতালিকা এবং টার্মিনালের সামনের সড়কে যানবাহন চলাচলের শৃঙ্খলা তদারকির জন্য অভিযানগুলো পরিচালনা করা হয়েছে।
তিনি জানান, পার্কিং ও ড্রাইভওয়ে এলাকায় আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৪৭(২) ও ৯০ ধারায় ১৫ জনকে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অনিয়মের দায়ে আরও একজনকে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া যাত্রীদের হয়রানির অভিযোগে দণ্ডবিধির ১৮৮ ধারায় তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে ৩০ দিনের এবং বাকি দুজনকে পাঁচ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে বিমানবন্দরের নিরাপত্তা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. তারেক জিয়াউদ্দিন, বিমানবন্দর পুলিশ ফাঁড়ির সদস্য এবং আনসার সদস্যরা দায়িত্ব পালন করেন। বিমানবন্দর পরিচালক জানান, যাত্রীসেবার পরিবেশ উন্নত করা, অনিয়ম নিয়ন্ত্রণ এবং হয়রানিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।