চট্টগ্রাম নগরের ব্যস্ততম জিইসি মোড় এলাকায় সড়ক ও নালার ওপর অবৈধভাবে নির্মিত স্ল্যাব সরিয়ে দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই অভিযানে ভেঙে ফেলা হয়েছে তিনটি অবৈধ অ্যাপ্রোচ।
রবিবার (২৯ নভেম্বর) স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানান, জিইসি কনভেনশন সেন্টার ও সিক্রেট রেসিপির সামনের সড়ক এবং নালা দখল করে নির্মিত অবৈধ স্ল্যাবগুলো অভিযান চালিয়ে অপসারণ করা হয়েছে। এ সময় দখল করে তৈরি করা তিনটি অ্যাপ্রোচও ভেঙে দেওয়া হয়।
তিনি আরও জানান, সড়ক ও ফুটপাত দিয়ে মানুষের স্বাভাবিক চলাচল নির্বিঘ্ন রাখতে মোবাইল কোর্টের মাধ্যমে দখলমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।