রাজশাহীর পবা উপজেলা ভূমি অফিস লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও বাকি দুটি অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। হামলার পর উপজেলার গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
রবিবার (২৯ নভেম্বর) রাত ১টার দিকে উপজেলার ভূগরোইল মোড় এলাকায় অবস্থিত ভূমি অফিসে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পর নতুন করে এ ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
খবর পেয়ে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। পরে সাড়ে ১২টার দিকে তিনি পারিলা ইউনিয়নের পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন এবং সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী উপস্থিত ছিলেন। এর আগে সকালে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলনও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, এর আগে পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি বলেন, ভূমি অফিসে সাধারণ মানুষের গুরুত্বপূর্ণ দলিল ও সরকারি রেকর্ড সংরক্ষিত থাকে। এ ধরনের হামলা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়। জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উদ্দেশ্যে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে এ ধরনের প্রবণতা ব্যাপক নয় বলে মনে করেন তিনি। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থাপনা ও পল্লী বিদ্যুৎ কার্যালয়ে নিরাপত্তার জন্য রাতের পাহারাদার নিয়োগের পাশাপাশি পুলিশের টহল অব্যাহত রয়েছে। জনস্বার্থে এসব স্থাপনা রক্ষায় সাধারণ মানুষকেও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, উপজেলা শহরকেন্দ্রিক হওয়ায় এখানে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে। এর আগে বিমানবন্দর ও পল্লী বিদ্যুতের খড়খড়ি উপকেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় এবার উপজেলা ভূমি অফিসে হামলা চালানো হয়েছে। তিনটি পেট্রোল বোমার মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে এবং দুটি বিস্ফোরিত হয়নি। নিরাপত্তাকর্মীদের সতর্ক অবস্থানের কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
তিনি আরও জানান, উপজেলা পরিষদ, ভূমি অফিস, বিমানবন্দর ও বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহলের পাশাপাশি আনসার সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নাশকতার কারণে শেষ পর্যন্ত সাধারণ মানুষকেই ভোগান্তিতে পড়তে হয় উল্লেখ করে ইউএনও বলেন, কোথাও সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ডের সন্ধান পাওয়া গেলে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে। পবায় এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রশাসন ও নিরাপত্তা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।