প্রি-পেইড বিদ্যুৎ মিটার বাতিলসহ চার দফা দাবিতে সোমবার (৩০ নভেম্বর) রংপুরে অর্ধদিবস হরতাল পালিত হবে। সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করেছে রংপুর মহানগর নাগরিক কমিটি। হরতালের সমর্থনে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, মাইকিং ও পোস্টারিংসহ নানা প্রচার কার্যক্রম চালিয়েছে আয়োজক সংগঠনটি।
নাগরিক কমিটির চার দফা দাবির মধ্যে রয়েছে—প্রি-পেইড মিটার বাতিল করে আগের পোস্টপেইড মিটার পুনঃস্থাপন, সাশ্রয়ী মূল্যে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ এবং এ খাত বেসরকারীকরণের উদ্যোগ বন্ধ করা।
রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট পলাশ কান্তি নাগ বলেন, পোস্টপেইড মিটারের তুলনায় প্রি-পেইড মিটারে গ্রাহকদের দুই থেকে তিন গুণ বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে। বিভিন্ন চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়ের কারণে সাধারণ গ্রাহকদের ভোগান্তি বাড়ছে।
তিনি অভিযোগ করেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে সেবা দেওয়ার আগেই গ্রাহকদের কাছ থেকে অর্থ আদায় করা হচ্ছে, যা বিদ্যুৎ আইনের পরিপন্থী। আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া এ প্রকল্পের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যায়নি।
পলাশ কান্তি নাগ জানান, দাবিগুলো বাস্তবায়নের জন্য গত ১৯ অক্টোবর সংবাদ সম্মেলন করে ৩০ নভেম্বর অর্ধদিবস হরতালের ঘোষণা দেওয়া হয়। এ কর্মসূচি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, গোষ্ঠী বা শ্রেণির নয়; এটি রংপুর মহানগরবাসীর দাবি আদায়ের আন্দোলন।
তিনি আরও বলেন, হরতালের সমর্থনে প্রচার কার্যক্রমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া গেছে। কর্মসূচির মাধ্যমে জনগণের ওপর চাপিয়ে দেওয়া প্রি-পেইড মিটার ব্যবস্থা বন্ধে সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।