ফরিদপুরের সদরপুরে আড়িয়াল খাঁ নদে জাটকা শিকারের অবৈধ আয়োজনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য অধিদপ্তর। এ সময় প্রায় ৪০০ মিটার বাঁশের বাঁধ অপসারণের পাশাপাশি ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার চর মানাইর ইউনিয়নের অচলমোল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। সদরপুর চন্দ্রপাড়া পুলিশ ফাঁড়ির সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, নদীতে জাটকা ধরার জন্য তৈরি করা প্রায় ৪০০ মিটার দীর্ঘ বাঁশের বাঁধটি সরিয়ে ফেলা হয়। এ ছাড়া জব্দ করা হয় ১ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৭০০ মিটার বেড় জাল, ৭৫০ মিটার গুটি জাল এবং সাতটি চায়না দুয়ারি জাল। সব মিলিয়ে জব্দ করা জালের পরিমাণ প্রায় ৩ হাজার মিটার। পরে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অবৈধ জাল দিয়ে জাটকা শিকার এবং জাটকার বিচরণক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে এমন বাঁধের বিরুদ্ধে অভিযান চলবে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।



