মানিকগঞ্জের গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে চারটি সড়ক ও সেতু নির্মাণকাজের উদ্বোধন করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। এসব প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৭ কোটি ৯২ লাখ টাকার বেশি।
রবিবার (২৯ নভেম্বর) জেলার সদর ও সাটুরিয়া উপজেলায় এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন তিনি। এ সময় দুটি সড়কের চলমান নির্মাণকাজের অগ্রগতিও সরেজমিনে পরিদর্শন করেন মন্ত্রী।
উদ্বোধন করা প্রকল্পগুলোর মধ্যে রয়েছে সাটুরিয়া উপজেলার হরগজ ইউপি অফিস থেকে কান্দাপাড়া বাজার হয়ে নোয়াপাড়া পর্যন্ত সড়ক উন্নয়ন, সাটুরিয়া মাছ বাজারে সেতু নির্মাণ, দড়গ্রাম-জিপসি-নাগরপুর জিপসি হয়ে সভার-ছনকা বাজার সড়ক নির্মাণ এবং গড়পাড়া-বাংলাদেশ হাট-রানাদিয়া সড়কে সেতু নির্মাণ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশে খাদ্যমন্ত্রী বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষের অন্যতম দাবি ছিল যোগাযোগব্যবস্থার উন্নয়ন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে এসব প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সড়ক ও সেতুগুলো নির্মিত হলে সাধারণ মানুষের চলাচল সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে ভোগান্তি কমবে।
তিনি আরও বলেন, উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী সড়ক প্রশস্ত করা জরুরি। এ জন্য কোথাও ব্যক্তিগত জমির সামান্য অংশ প্রয়োজন হলে এলাকার বৃহত্তর স্বার্থে সহযোগিতার আহ্বান জানান তিনি। জনগণের সম্মিলিত সহযোগিতায় পর্যায়ক্রমে সব উন্নয়নকাজ বাস্তবায়নের আশাবাদও ব্যক্ত করেন।
নির্মাণকাজের মান ও সময়সীমা নিয়ে ঠিকাদারদের কঠোর নির্দেশনা দিয়ে আফরোজা খানম বলেন, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার চেষ্টা করতে হবে। নির্মাণে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। ভালো কাজের জন্য ঠিকাদারদের পুরস্কৃত করা হবে। অন্যদিকে, নিম্নমানের কাজ করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
পরে উন্নয়নকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বিএনপির রাজনৈতিক অবস্থান ও বর্তমান সরকারের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের নির্যাতন ও নিপীড়ন সহ্য করে বিএনপি সরকার গঠন করেছে। তারেক রহমানের নেতৃত্বে দল বর্তমান অবস্থানে পৌঁছেছে। ফ্যাসিবাদ কিংবা গোপন তৎপরতার মাধ্যমে কেউ দেশের ক্ষতি করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
এরপর খাদ্যমন্ত্রী বরাইদ ইউনিয়ন যুব সমাজ ও তাঁতী মেলা কমিটি আয়োজিত তাঁতী সমাবেশে অংশ নেন। সেখানে তিনি মানিকগঞ্জের তাঁতশিল্পের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি দেশের তাঁতশিল্পে মানিকগঞ্জের ঐতিহ্য ও অবদানের কথা তুলে ধরেন। সমাবেশে সভাপতিত্ব করেন বরাইদ ইউনিয়ন প্রাথমিক তাঁতী সমিতির নির্বাহী সদস্য মো. আব্দুল ব্যাপারী।