চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক মাসের ব্যবধানে বিএনপি ও অঙ্গসংগঠনের তিনটি দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার (২৯ নভেম্বর) ভোরে দুর্গাপুর ইউনিয়নের লাবইরকান্দি এলাকায় একটি কার্যালয়ে আগুন লাগে। এতে কার্যালয়ের একাংশ পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৫টা ২০ মিনিটের দিকে কার্যালয়টিতে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে কিংবা এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে গত ১১ নভেম্বর দিবাগত রাত আড়াইটার দিকে ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এরপর ১৯ নভেম্বর দিবাগত রাতে ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ ও বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে যায়। এক মাসে পরপর তিনটি কার্যালয়ে আগুনের ঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।
সর্বশেষ ঘটনার নিন্দা জানিয়ে দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির লস্কর বলেন, সারা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ রাতের আঁধারে আগুন সন্ত্রাস চালাচ্ছে বলে তারা মনে করেন।
তিনি আরও বলেন, চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মুহাম্মদ জালাল উদ্দিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে বিএনপি প্রতিবাদ গড়ে তুলবে।
মতলব উত্তর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হক জিতু বলেন, স্বৈরাচারের পতনের পর আবার ক্ষমতায় ফেরার সুযোগ ইতিহাসে নেই। বাংলাদেশেও এর পুনরাবৃত্তি হবে না। মতলব একটি শান্তিপ্রিয় এলাকা উল্লেখ করে তিনি বলেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলে তার পরিণতি ভালো হবে না। এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।