কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সাগরে নেওয়ার সময় ৩১৭ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় মানব পাচার চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোর ৪টার দিকে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল শামুক বিচ সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান চালানো হয়। বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন শাহপরী, টেকনাফ, ইনানি ও বাহারছড়া আউটপোস্টের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি তা অমান্য করে গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে বোটটি আটক করা হয়। বোটে তল্লাশি চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার এবং সাতজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ চক্র উন্নত জীবনের স্বপ্ন, উচ্চ বেতনের চাকরি ও স্বল্প খরচে বিদেশ যাওয়ার প্রলোভন দেখিয়ে তাদের মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা করেছিল। এ উদ্দেশ্যে কক্সবাজার ও টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের সংগ্রহ করে সাগরপথে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
উদ্ধার হওয়া ব্যক্তিদের নিরাপত্তা এবং আটক বোট ও পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।




