দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন আইনজীবীরা। রবিবার (২৯ নভেম্বর) বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আইনজীবী ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন সিনিয়র আইনজীবী ও সরকারি কৌঁসুলি একরামুল হক, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সরকারি কৌঁসুলি আফতাব উদ্দিন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর সরকারি কৌঁসুলি মোকসেদুল হক, সিনিয়র আইনজীবী আব্দুল কাইয়ুম মন্ডল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হানিফ মিয়া, সাধারণ সম্পাদক শফি কামাল এবং আইনজীবী জোবাইদুল ইসলামসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতিতে কাজ করে যাচ্ছে। এমন সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, বিভিন্ন স্থানে গাড়িতে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের সহিংস কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা চলছে। এ ধরনের নাশকতা দেশের স্বাভাবিক পরিবেশ ও উন্নয়ন কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে পারে।
তারা বলেন, দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নাশকতাকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন আইনজীবীরা।
একই সঙ্গে দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তারা। দেশের যেকোনো ধরনের সহিংসতা ও অরাজকতা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনেরও দাবি জানান সমাবেশের বক্তারা।




