সরকারি অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ রেলওয়ের এক জুনিয়র অডিটরকে বিভিন্ন ধারায় মোট ৩৬ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে সাজা একসঙ্গে কার্যকর হওয়ায় তাকে সর্বোচ্চ ১০ বছর কারাগারে থাকতে হবে। আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানাও করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের নামে ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের দায়ে জুনিয়র অডিটর ফয়সাল মাহবুবকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিভিন্ন ধারায় তাকে মোট ৩৬ বছরের সাজা দেওয়া হলেও সব সাজা একসঙ্গে কার্যকর হবে। পাশাপাশি আত্মসাৎ করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশসহ বিভিন্ন অঙ্কের জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) চট্টগ্রাম বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর ফয়সাল আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
দুদকের আইনজীবী ও আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুহম্মদ কবির হোসেন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালতের রায়ে দণ্ডবিধির ৪০৯ ধারায় ১০ বছর, ৪২০ ধারায় পাঁচ বছর, ৪৬৭ ধারায় ১০ বছর, ৪৬৮ ধারায় পাঁচ বছর এবং ৪৭১ ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসব ধারার প্রতিটিতে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ড ভোগ করতে হবে।
এ ছাড়া দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় এক বছরের সশ্রম কারাদণ্ডের পাশাপাশি আত্মসাৎ করা ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা জরিমানা করা হয়েছে। এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে আরও এক বছর কারাভোগ করতে হবে।
দুদকের পিপি মুহম্মদ কবির হোসেন জানান, ২০২১ সালে মামলাটি দায়েরের সময় ফয়সাল মাহবুবকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে বিচার চলাকালে তিনি পলাতক হন। রোববার রায় ঘোষণার দিন আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেন তিনি। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ফয়সাল মাহবুব বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ডেপুটি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ও প্রধান হিসাব অধিকর্তার কার্যালয়ে জুনিয়র অডিটর হিসেবে কর্মরত ছিলেন। তার দায়িত্বের মধ্যে ছিল পাহাড়তলী হিসাবায়ন ইউনিটের আওতাধীন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধসংক্রান্ত কার্যক্রম পরিচালনা।
রেলওয়ের বেতন-ভাতার হিসাব সংরক্ষণ ও পরিশোধের কাজে ব্যবহৃত হয় আইবাস++ সফটওয়্যার। এই ব্যবস্থায় কাজ করার সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন নথি জালিয়াতি করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা ও উৎসব বোনাস পরিশোধের ভুয়া হিসাব দেখাতেন ফয়সাল। পরে বিলের অর্থ নিজের ব্যাংক হিসাবে স্থানান্তর করতেন বলে তদন্তে উঠে এসেছে।
২০২০ সালের ১ সেপ্টেম্বর থেকে ২০২১ সালের ৬ মে পর্যন্ত সময়ে এভাবে প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তবে তদন্তে তার নামে থাকা চারটি ব্যাংক হিসাবের ১৩৬টি লেনদেনের মাধ্যমে ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা আত্মসাতের প্রমাণ পায় দুদক।
ঘটনার প্রাথমিক প্রমাণ পাওয়ার পর ২০২১ সালের ৮ মে ফয়সালকে আটক করে রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান হিসাব অধিকর্তা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) কাছে হস্তান্তর করেন। পরদিন লিখিত অভিযোগসহ তাকে খুলশী থানায় সোপর্দ করা হয়।
এ ঘটনায় ২০২১ সালের ১২ মে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলা করেন সংস্থাটির তৎকালীন উপসহকারী পরিচালক নুরুল ইসলাম। মামলায় দণ্ডবিধির পাঁচটি ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় অভিযোগ আনা হয়।
পরবর্তী সময়ে তদন্ত শেষে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক মো. এমরান হোসেন। দণ্ডিত ফয়সাল মাহবুব বাগেরহাটের শরণখোলা থানার রাজাপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।




