প্রতিহিংসা, বিভেদ ও সংঘাতের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন। তিনি বলেছেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে কৃষকদের অধিকার রক্ষা এবং সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
রবিবার (২৯ নভেম্বর) সকালে পবা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার সার ডিলারদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনুল আবেদীন। সভা পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রাজ্জাক।
সার ডিলারদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সার বিতরণে সরকারি নীতিমালা ও নিয়মকানুন মেনে চলতে হবে। কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা কৃষক হয়রানি করা যাবে না। প্রকৃত কৃষক যাতে সহজে ও ন্যায্যমূল্যে প্রয়োজনীয় সার পান, তা নিশ্চিত করতে হবে। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে এমপি মিলন বলেন, বর্তমান অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকৃত কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছানো সম্ভব হলে কৃষি খাতের নানা সমস্যা ও জমি-সংক্রান্ত জটিলতা নিরসনেও সহায়ক হবে।
নিজের রাজনৈতিক অভিজ্ঞতা ও কারাবাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। তারপরও প্রতিহিংসার রাজনীতি করতে চান না তারা। কেউ অন্যায় করলে প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। তবে প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে কোনো কর্মকাণ্ড পরিচালনা করা হবে না। একই সঙ্গে সমাজে মব কালচার ও অগ্নিসন্ত্রাসের মতো কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
নতুন প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে সংসদ সদস্য বলেন, শিশু-কিশোর ও তরুণদের জ্ঞানভিত্তিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং কারিগরি দক্ষতায় সমৃদ্ধ করতে হবে। বেকারত্ব দূরীকরণ, পরিবারের নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি সড়ক ও ট্রাফিক আইন মেনে চলা এবং নাগরিক সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেন তিনি।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীন বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে কৃষকদের কাছে যথাসময়ে ন্যায্যমূল্যে সার পৌঁছে দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে ডিলারদের সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। সার নিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি, অনিয়ম কিংবা কৃষক হয়রানি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। সার বিতরণে স্বচ্ছতা বজায় রাখতে উপজেলা প্রশাসন, কৃষি বিভাগ ও ডিলারদের সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় পবা উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদসহ উপজেলার বিভিন্ন এলাকার সার ডিলার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।