চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রশাসনিক কার্যক্রমে পরিবর্তন আনতে উপপুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে নেওয়া এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন বিভাগ ও ইউনিটে দায়িত্ব পালন করা ছয় উপপুলিশ কমিশনারকে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পরিবর্তন আনা হয়।
আদেশে মোহাম্মদ আরেফিন জুয়েলকে উপপুলিশ কমিশনার (উত্তর) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ট্রাফিক পশ্চিম বিভাগের ডিসি নিষ্কৃতি চাকমাকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে ট্রাফিক বন্দর বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, মো. আলমগীর হোসেনকে পশ্চিম বিভাগ থেকে সরিয়ে উপপুলিশ কমিশনার (বন্দর) করা হয়েছে। এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের দায়িত্বে থাকা মোহাম্মদ আবু বকর সিদ্দিককে পশ্চিম বিভাগের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া উত্তর বিভাগের ডিসি মো. হাসান মোস্তফা স্বপনকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং বন্দর বিভাগের ডিসি মো. আমিরুল ইসলামকে এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে পদায়ন করা হয়েছে। সিএমপির প্রশাসনিক আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।