রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইমরানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে এসআরবি। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের দিকে চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি বিদেশি রিভলবার ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার অন্য চারজন হলেন রূপসা উপজেলার আইচগাতি এলাকার আনোয়ার খানের ছেলে ইমন খান, রাজাপুর এলাকার আব্দুর রশিদের ছেলে মো. আল আমিন, বাহাপুর এলাকার মো. রুহুল মুন্সির ছেলে রফিকুল ইসলাম এবং আইচগাতি এলাকার আব্দুল হালিম সিকদারের ছেলে হানিফ সিকদার। ইমরান রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
এসআরবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে সংস্থাটির ৬ ও ২ নম্বর ইউনিটের সদস্যরা মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে ইমরানকে খুলনার শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী ও শুটার হিসেবে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে খুলনার আদালত চত্বরে জোড়া খুন এবং রূপসায় আলোচিত জয় ঢালী ও তার বাবা আক্তার ঢালী হত্যাকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে ঢাকার মোহাম্মদপুর থানায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।




