সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডের তথ্য পাওয়ার পর গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিংয়ের বিপুলসংখ্যক হিসাবের লেনদেন স্থগিত করা হয়েছে। এতে ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে মোবাইল ব্যাংকিং ব্যবহারকারীরা পড়েছেন ভোগান্তিতে।
গোপালগঞ্জে বিকাশ, নগদসহ বিভিন্ন মোবাইল আর্থিক সেবার প্রায় ১ লাখ ৭০ হাজার হিসাবের লেনদেন বন্ধ করে দেওয়া হয়েছে। সন্দেহজনক আর্থিক কর্মকাণ্ডের অনুসন্ধানে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনায় এসব হিসাব স্থগিত করা হয়। ফলে সংশ্লিষ্ট গ্রাহকেরা টাকা পাঠানো ও উত্তোলন করতে পারছেন না।
রবিবার (২৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বিএফআইইউর দেওয়া তথ্যের ভিত্তিতে হিসাবগুলোর লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব হিসাবের মাধ্যমে অস্বাভাবিক অর্থ স্থানান্তর কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট হিসাবগুলোর কার্যক্রমে অস্বাভাবিকতা ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়। তবে হিসাবগুলোর প্রকৃত ব্যবহারকারী কারা, কী পরিমাণ অর্থ লেনদেন হয়েছে এবং অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে বিপুলসংখ্যক হিসাবের লেনদেন বন্ধ থাকায় জেলার গ্রাহকদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। দৈনন্দিন কেনাকাটা, ব্যক্তিগত প্রয়োজন ও ব্যবসায়িক লেনদেনে মোবাইল ব্যাংকিংয়ের ওপর নির্ভরশীল ব্যক্তিরা সমস্যায় পড়েছেন। বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা টাকা গ্রহণ ও উত্তোলন করতে না পেরে বিপাকে পড়েছেন।
গত বুধবার রাত থেকে জেলার বিভিন্ন এলাকায় মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বন্ধ থাকার বিষয়টি গ্রাহকদের নজরে আসতে শুরু করে। পরে ধাপে ধাপে আরও হিসাবের কার্যক্রম স্থগিত করা হয়। রোববার সকালেও অনেক গ্রাহক টাকা তোলা ও পাঠানোর জন্য এজেন্ট পয়েন্টে গিয়ে লেনদেন বন্ধের বার্তা পান। এতে প্রয়োজনীয় সেবা না পেয়েই তাদের ফিরে যেতে হয়েছে।