জামালপুরের ইসলামপুর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। রবিবার (২৯নভেম্বর) সন্ধ্যায় ৭টার দিকে ইসলামপুর পৌরসভার পলবান্ধা উজানপাড়া রেলকোচিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভুকুড়া এলাকার আকবর আলীর ছেলে জিয়াউল হক (৩০) চরগোয়ালিনী ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকার আব্দুল কাদেরের ছেলে বকুল (৩০) এবং একই এলাকার বাসিন্দা রসুল মোল্লার ছেলে সোহেল (২০)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে আগত বেগুনবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৫১৭৭) ঢাকার উদ্দেশে যাচ্ছিল। অপরদিকে ইসলামপুর থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার পথে একটি মোটরসাইকেল (জামালপুর-ল ১১-৬৯৬৮) ইসলামপুর পৌরসভার প্রলো বান্দা উজানপাড়া রেলকোচিং মোড় পৌঁছালে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং গুরুতর আহত সোহেলকে এলাকাবাসীর দ্রুত উদ্ধার করে প্রথমেই ইসলামপুর উপজেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জুবাইদা সুলতানা তমা বলেন, দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগেই মৃত হয়েছে। অপরজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুরে রেফার করা হয়েছে।
এ ব্যাপারে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তিনি বলেন দুর্ঘটনার কবলিত ট্রাক ও মোটরসাইকেলটি ঘটনাস্থলে উল্টে উল্টে পড়ে রয়েছে বলে খবর পেয়েছি। এ দুর্ঘটনায় আইনগত প্রক্রিয়া অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।