চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি। রবিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় নগরের খুলশী থানার ভিআইপি আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খুলশী থানা পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।
তবে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া কয়েকটি নাশকতার ঘটনায় তার সম্পৃক্ততার সন্দেহ রয়েছে। 
ডা. সেলিম আকতার চৌধুরী দীর্ঘদিন চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকাকালে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। তিনি প্রয়াত চট্টগ্রাম সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় মেয়ের স্বামী।