জামালপুরের সরিষাবাড়ীতে রেললাইনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ খুলে ফেলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়দের সতর্কতায় দ্রুত বিষয়টি জানাজানি হওয়ায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) ভোররাতে জামালপুর সদর উপজেলার জোকারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা রেললাইনের ফিশপ্লেট ও ক্লিপ খুলে লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা করে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে ঢাকার উদ্দেশে আন্তনগর যমুনা এক্সপ্রেস ট্রেনটি ওই রেলপথ দিয়ে চলাচল করে। ট্রেনটি আসার আগেই স্থানীয় লোকজন রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশ দেখতে পান। পরে তারা দ্রুত রেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেন। দ্রুত সংস্কার সম্পন্ন হওয়ায় সম্ভাব্য দুর্ঘটনা থেকে রক্ষা পায় রেলপথটি।
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোর ৪টা থেকে ৫টার মধ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, বর্তমানে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।