শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী এলাকার মণ্ডপগুলোতে বিশেষ নজরদারির পাশাপাশি নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রীমঙ্গলের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শহরের শ্রীমঙ্গলেশ্বরী কালীবাড়িতে সাংবাদিকদের এ তথ্য জানান ৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মইন হাসান।
তিনি জানান, শ্রীমঙ্গল ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্তের আট কিলোমিটারের মধ্যে ৮৫টি পূজামণ্ডপ রয়েছে। এ ছাড়া ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে আরও ২৪টি মণ্ডপ। সব মিলিয়ে ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্যদের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক বলেন, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সদস্যদের সতর্ক অবস্থানে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করা হচ্ছে।
তিনি আরও জানান, জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ ব্যবহারে সংশ্লিষ্ট বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি সীমান্ত দিয়ে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র-গোলাবারুদ পাচার প্রতিরোধেও টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।




