বগুড়ায় যাত্রীবাহী বাসে স্কুল ব্যাগের ভেতরে ইয়াবা বহনের সময় ইশরার হোসেন পাপ্পু (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার ব্যাগ থেকে ৩ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঢাকা-রংপুর মহাসড়কে টিএমএসএস মেডিক্যাল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার পাপ্পু নীলফামারীর সৈয়দপুর পৌরসভার গোলাহাট এলাকার মৃত আজগার আলীর ছেলে।
ডিএনসি বগুড়া জেলা কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি বাসে ইয়াবার বড় চালান পরিবহনের খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে সৈয়দপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাসে তল্লাশি করে তাকে শনাক্ত করা হয়।
ডিএনসি জানায়, বাসের টিকিট না থাকা পাপ্পুর শরীর ও সঙ্গে থাকা নেভি ব্লু রঙের স্কুল ব্যাগ তল্লাশি করা হয়। ব্যাগের ভেতরে ১৫টি পলিপ্যাকেটে রাখা ৩ হাজার ইয়াবা পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ছিল ২০০টি করে বড়ি। উদ্ধার করা মাদকের ওজন ৩০০ গ্রাম। এ সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাপ্পু দীর্ঘদিন ধরে কক্সবাজার ও ঢাকা থেকে মাদক সংগ্রহ করে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি।
বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, এ ঘটনায় বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের এই চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা জানতে তদন্ত চলছে।