শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ অক্টোবর রংপুর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি নগরীর রাধাগোবিন্দ মন্দির (ধর্মসভা) পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় প্রশাসন ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি চলছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রংপুরের জেলা প্রশাসক ইসরাত জাহান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সফর সামনে রেখে নগরীর শ্রীশ্রী করুণাময়ী কালিমন্দির, ধর্মসভা ও গুপ্তপাড়া মন্দির প্রস্তুত করা হচ্ছে।
সফরসূচি অনুযায়ী, ২০ অক্টোবর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুর নগরীর ধর্মসভা মন্দিরের উদ্দেশে রওনা দেবেন। বেলা ১১টার দিকে মন্দিরটি পরিদর্শনের কথা রয়েছে তার। এরপর সৈয়দপুর বিমানবন্দর হয়ে ফিরে যাবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নগরীর তিলোত্তমা হোটেলে জরুরি সভা ডেকেছে জেলা বিএনপি। সভায় উপজেলা ও পৌর বিএনপির নেতাদের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।
গুপ্তপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরের সভাপতি সুব্রত সরকার মুকুল বলেন, প্রশাসনের পক্ষ থেকে তারা এখনো আনুষ্ঠানিক চিঠি পাননি। তবে এসএসএফ ও এনএসআইয়ের সদস্যরা মন্দির পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর সফরকে গুরুত্ব দিয়ে তারাও প্রস্তুতি নিচ্ছেন।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবেও প্রস্তুতি নেওয়া হচ্ছে।




