প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর এবং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় আরএমপির উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
সভায় প্রধানমন্ত্রীর সফর সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি, সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদার এবং শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং জেলা পুলিশ সুপার মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। এ ছাড়া পূজা উদযাপন কমিটির সভাপতি, জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।