ঝিনাইদহ ক্যাডেট কলেজে আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েও সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলার সংবাদকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।
ক্ষুব্ধ সাংবাদিকরা জানান, গত ১০ অক্টোবর আন্তঃক্যাডেট কলেজ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জেলার কয়েকজন সংবাদকর্মীকে আমন্ত্রণ জানায় কলেজ কর্তৃপক্ষ। পরে সমাপনী অনুষ্ঠানেও চিঠি দিয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণপত্র পেয়ে বৃহস্পতিবার দুপুরে সংবাদকর্মীরা কলেজে উপস্থিত হলে তাদের প্রবেশের অনুমতি নেই বলে জানানো হয় এবং কলেজ এলাকা ছেড়ে যেতে বলা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি আসিফ ইকবাল মাখন এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়া অত্যন্ত দুঃখজনক। তিনি ঘটনার তদন্ত দাবি করেন এবং ক্যাডেট কলেজের সব সংবাদ বর্জনের ঘোষণা দেন।
জেলা প্রেসক্লাবের সভাপতি ও এনটিভির স্টাফ রিপোর্টার মিজানুর রহমানও এ ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের পর চিঠি দিয়ে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়েছিল। এরপরও তাদের প্রবেশ করতে না দেওয়া অনাকাঙ্ক্ষিত। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অ্যাডজুটেন্টের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সাংবাদিকদের আমন্ত্রণ জানানোর বিষয়টি তার জানা নেই বলেও জানান অধ্যক্ষ। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।