শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষা এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতে আনসার ও ভিডিপি সদস্যদের সতর্ক, আন্তরিক ও সজাগ থাকার নির্দেশ দিয়েছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলা হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে ব্রিফিং প্যারেডে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশ দেন।
ইউএনও বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে সর্বদা সতর্ক থাকতে হবে। আজানের সময় উচ্চস্বরে গান ও বাদ্যযন্ত্র বাজানো বন্ধ রাখতে হবে। শিফট অনুযায়ী দায়িত্ব পালন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের লক্ষণ দেখা গেলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক রুবেল ইসলাম। প্রশিক্ষিকা দিপ্তি অধিকারী জানান, উপজেলার ১৫০টি পূজামণ্ডপে ৯৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তার গুরুত্ব বিবেচনায় অধিক ঝুঁকিপূর্ণ ও গুরুত্বপূর্ণ মণ্ডপে সেকশন কমান্ডারসহ আটজন এবং তুলনামূলক কম গুরুত্বপূর্ণ মণ্ডপে সহকারী সেকশন কমান্ডারসহ ছয়জন পুরুষ সদস্য দায়িত্ব পালন করবেন। ব্রিফিং প্যারেডে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ভিডিপি দলনেতা-দলনেত্রী এবং আনসারের সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডাররা উপস্থিত ছিলেন।




