কক্সবাজারের সাংবাদিক, পরিবেশ গবেষক ও চিন্তক আহমদ গিয়াসের জীবন, কর্ম ও অবদান স্মরণে নাগরিক শোকসভার আয়োজন করতে যাচ্ছে কক্সবাজার সাংবাদিক সমিতি।
কক্সবাজারের সাংবাদিকতা, পরিবেশচর্চা, ইতিহাস-ঐতিহ্য অনুসন্ধান এবং সমাজভাবনায় আহমদ গিয়াসের অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজকেরা জানিয়েছেন, শোকসভাটি কেবল স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ না রেখে তার জীবন, চিন্তা ও সৃষ্টিকর্ম সংরক্ষণের একটি স্থায়ী উদ্যোগের সূচনা করতে চান।
নাগরিক শোকসভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাংবাদিক, গণমাধ্যম গবেষক ও প্রাবন্ধিক আজাদ মনসুর জানান, আহমদ গিয়াসের প্রয়াণে কক্সবাজারের সাংবাদিকতা ও মননশীল সমাজ একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বরকে হারিয়েছে। তার রেখে যাওয়া কাজ ও চিন্তাধারা সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া সময়ের দাবি।
প্রস্তাবিত শোকসভায় ‘সাংবাদিক আহমদ গিয়াস: কক্সবাজারের সাংবাদিকতায় তার অবদান’, ‘পরিবেশ গবেষক আহমদ গিয়াস: প্রকৃতি ও প্রতিবেশ রক্ষায় তার চিন্তা’ এবং ‘আহমদ গিয়াসের সৃষ্টিকর্ম সংরক্ষণ: আমাদের দায় ও করণীয়’ শীর্ষক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
এ আয়োজনকে কেন্দ্র করে তার প্রকাশিত ও অপ্রকাশিত লেখা, সংবাদ প্রতিবেদন, আলোকচিত্র, গবেষণাকর্মসহ বিভিন্ন সৃষ্টির উপকরণ সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি তার জীবন ও কর্ম নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ এবং প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে আয়োজকদের।
শোকসভা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৬ নভেম্বর সোমবার কক্সবাজারের নিরিবিলি শাহীন রেস্তোরাঁয় একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। এতে জেলার প্রবীণ ও নবীন সাংবাদিক, পরিবেশ গবেষক, লেখক, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী, ইতিহাস গবেষক, নাগরিক সমাজের প্রতিনিধি, পেশাজীবী সংগঠনের নেতা, আহমদ গিয়াসের সহকর্মী, বন্ধু ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন কক্সবাজার সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান এবং বাস্তবায়ন কমিটির সদস্যসচিব স.ম. ইকবাল বাহার চৌধুরী।