নাগরিকদের তথ্য জানার অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি সেবা প্রাপ্তি সহজ করার লক্ষ্যে বাগেরহাটে ‘তথ্যজানি, অধিকার মানি!’ শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ধানসিঁড়ি ট্রেনিং সেন্টারে এ আয়োজন করা হয়।
অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় সুশীল প্রকল্পের আওতায় ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি) ও বিটনিক যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে। ক্যাম্পেইনের শুরুতে তথ্য অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে র্যালি অনুষ্ঠিত হয়। পরে ‘রাইট টু নো ফেয়ার’ উদ্বোধন করেন জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগম, সুজনের সভাপতি এসকে এ হাসিব, বাগেরহাট সিএসও হাবের কোষাধ্যক্ষ এম এ সালাম শেখ এবং নির্বাহী সদস্য মঞ্জুরুল হাসান মিলন উপস্থিত ছিলেন।
মেলায় ‘রাইট টু নো ফেয়ার’, ‘আরটিআই হেল্প ডেস্ক’ ও ‘উইমেন্স ইনফরমেশন সার্কেল’ নামে তিনটি স্টল রাখা হয়। এসব স্টলে সরকারি তথ্য ও সেবা পাওয়ার পদ্ধতি, তথ্য অধিকার আইনে আবেদন করার নিয়ম এবং নারীদের জন্য সরকারি ভাতা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, স্বাস্থ্য, শিক্ষা ও আইনগত সহায়তা বিষয়ে তথ্য দেওয়া হয়। পাশাপাশি তথ্য চাওয়ার আবেদন প্রস্তুত ও দাখিলের প্রক্রিয়ায় নাগরিকদের সহায়তা করা হয়।
কর্মসূচিতে তথ্য অধিকার, নাগরিক সেবা ও জবাবদিহিতা নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শন এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ ছাড়া সরকারি সেবাদাতা ও নাগরিকদের মধ্যে ‘জিজ্ঞাসা ও জবাব: নাগরিক-সেবাদাতা সংলাপ’ অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ক্যাম্পেইন শেষ হয়।
আয়োজকদের তথ্য অনুযায়ী, নাগরিক সমাজ, নারী ও যুব প্রতিনিধি, সেবা প্রত্যাশী, সাংবাদিক এবং সরকারি প্রতিনিধিসহ ৪০ জন এতে অংশ নেন। কর্মসূচি সমন্বয় করেন আইআরভির কাজী জাভেদ খালিদ জয় ও হাসান মাহমুদ জসিম।