রাঙ্গামাটি পার্বত্য জেলার মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়াতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একটি করে হোস্টেল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।
বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ে শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
দীপন তালুকদার বলেন, শিক্ষার গুণগত মান বাড়াতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম গতিশীল করতে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত থাকবে। প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বাড়াতে আবাসন সুবিধা নিশ্চিত করা জরুরি। এ কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে হোস্টেল স্থাপনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সভায় জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সদস্য চন্দ্রা চাকমা, মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রিজাউল করিম, রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএমসহ জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় মাধ্যমিক শিক্ষার সার্বিক মানোন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা, শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানরা নিজেদের সমস্যা, অভিজ্ঞতা ও পরামর্শ তুলে ধরেন। শিক্ষার গুণগত পরিবর্তন নিশ্চিত করতে সমস্যাগুলো চিহ্নিত করা, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বাড়ানো এবং সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।




