রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় ভাড়া বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম। তিনি এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, নৃশংস এ হত্যাকাণ্ডে আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হয়েছে। এর মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।
তবে রায়ে অসন্তোষ জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু। তিনি বলেন, তাঁরা এ রায়ে সন্তুষ্ট নন। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে উচ্চ আদালতে আপিল করবেন।
মামলার বিবরণে জানা যায়, গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী মহানগরীর ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় প্রবেশ করেন লিমন। এ সময় তিনি বিচারকের স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও ছুরিকাহত করা হয়।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা ধারালো ছুরিসহ লিমনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকেরা জানান, ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তাওসিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে লিমনকে আসামি করে হত্যা মামলা করা হয়। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। বিচারিক কার্যক্রমে সাক্ষ্যগ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।