বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চার প্লাটুন বিজিবি প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে দুই প্লাটুন পূজামণ্ডপের নিরাপত্তায় দায়িত্ব পালন করবে। বাকি দুই প্লাটুন ব্যাটালিয়ন সদরে রিজার্ভ থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির দায়িত্বপূর্ণ এলাকার নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির ও দক্ষিণ বাইশারী শ্রী শ্রী কেন্দ্রীয় হরি মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং নিরাপত্তা পরিস্থিতির খোঁজ নেন।
বিজিবি সূত্র জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুটি পূজামণ্ডপে বিজিবি সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। তিনি গুজব ও অপতথ্যে কান না দেওয়ার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড চোখে পড়লে বিজিবি বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান। এদিকে, বিজিবির পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানানো হয়েছে।