সোনালি ধানের শীষে সজ্জিত দুর্গাপ্রতিমা। প্রতিমার সাজে ফুটে উঠেছে গ্রামবাংলার কৃষি, ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি। খুলনা মহানগরীর বাগমারা তেঁতুলতলা সর্বজনীন পূজামণ্ডপে এবার চিনিগুঁড়া ধান দিয়ে দুর্গাসহ অন্যান্য প্রতিমার সাজসজ্জা করা হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজন দেখতে মণ্ডপে ভিড় করছেন দর্শনার্থীরা।
আয়োজকরা জানান, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এই মন্দিরে প্রতিবছর দুর্গাপূজা উদযাপিত হয়। তবে এবার দর্শনার্থীদের জন্য ভিন্ন কিছু করার পরিকল্পনা থেকে ধানের শীষ দিয়ে প্রতিমা সাজানোর উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যবহার করা হয়েছে প্রায় ৩০ কেজি চিনিগুঁড়া ধান। চারজন শিল্পী প্রায় ৪০ দিন পরিশ্রম করে প্রতিমার সাজসজ্জা সম্পন্ন করেছেন। এতে ব্যয় হয়েছে ১ লাখ ৬০ হাজার টাকা।
মন্দির পরিচালনা কমিটির সদস্য সুব্রত সরকার বলেন, দর্শনার্থীদের প্রত্যাশা পূরণ এবং নতুনত্ব আনার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। তরুণ প্রজন্ম, মন্দির কমিটি ও পূজা পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতিমার এই সাজ তৈরি হয়েছে।
মন্দির কমিটির প্রবীণ সদস্য পিন্টু কুমার বিশ্বাস জানান, ১৯৯৮ ও ১৯৯৯ সালে প্রতিমায় সিংহের গর্জনের বিশেষ আয়োজন করা হয়েছিল। এবার ধানের শীষ দিয়ে সাজানো প্রতিমা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি করেছে।
পূজা উদযাপন পরিষদের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, খুলনা মহানগরীতে প্রায় ৭০টি পূজামণ্ডপ রয়েছে। এর মধ্যে বাগমারা তেঁতুলতলা মণ্ডপের এ আয়োজন আলাদা আকর্ষণ তৈরি করেছে। আয়োজকদের আশা, ধানের শীষে সাজানো প্রতিমার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বাংলার কৃষি ও লোকজ ঐতিহ্যের গুরুত্ব তুলে ধরা সম্ভব হবে।




