রংপুরের কাউনিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে বাঁশের ২৫টি লাঠি এবং রেললাইনে ব্যবহৃত ছোট-বড় ২৩০টি পাথরের টুকরা উদ্ধার করা হয়। একই দিন পৃথক অভিযানে একটি বাড়ি থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ৩টা ৪৫ মিনিটে উপজেলার ৪ নম্বর শহীদবাগ ইউনিয়নের খোর্দ ভুতছাড়া মৌজার চেতনার মোড় স্মৃতিসৌধের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের পাশে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তালুক সাহাবাজ গ্রামের মোস্তাফিজুর রহমান (৪০), নাজিরদহ গ্রামের মোস্তফা কামাল ওরফে রাজু আহমেদ (৫০), রাজিব গ্রামের শাহ আলম (৩৮), সদর তালুক গ্রামের হেকমত আলী (৩৫) এবং নিজপাড়া গ্রামের শাহরিয়ার রাকিব (২৬)।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মোস্তফা কামাল হারাগাছ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, শাহ আলম যুবলীগের ওয়ার্ড সহসভাপতি এবং হেকমত আলী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় অন্য অভিযুক্তরা পালিয়ে যায়।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় কাউনিয়া থানায় মামলা করা হয়েছে। ১২ নভেম্বর মামলাটি ৮ নম্বর হিসেবে নথিভুক্ত করা হয়েছে।