শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে পূজামণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রতিমা নির্মাণ, রং, সাজসজ্জা, প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ শেষ করে এখন দেবী দুর্গার আগমনের অপেক্ষায় রয়েছেন আয়োজক ও পূজার্থীরা।
শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে ত্রিশালের বিভিন্ন মণ্ডপে বর্ণিল সাজসজ্জা করা হয়েছে। প্রতিমার নিপুণ কারুকাজ ও দৃষ্টিনন্দন প্যান্ডেল ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। এ বছর ময়মনসিংহ জেলার ১৩টি উপজেলায় ৮৩১টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ত্রিশালে পূজা হবে ৭৩টি মণ্ডপে।
উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্ব দিচ্ছে প্রশাসন। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান বলেন, সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে প্রশাসন কাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমান লিটনও পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন। তিনি আয়োজকদের পাশে থাকা এবং তাদের নিরাপত্তায় কাজ করার কথা জানান। সব মিলিয়ে ত্রিশালসহ ময়মনসিংহ জেলার পূজামণ্ডপগুলোতে এখন উৎসবের অপেক্ষা।




