অনলাইনে জেন্ডার সহিংসতা, সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি প্রতিরোধ এবং জনসচেতনতা বাড়াতে রাজশাহীতে মিডিয়া ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বোয়ালিয়া ক্লাবে ‘লাইট হাউস’ এ ক্যাম্পেইনের আয়োজন করে।
লাইট হাউস নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের টিম লিডার সালাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ) আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক তানজিমা জোহুরা হাবিব।
অনুষ্ঠানে বক্তব্য দেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক মাহবুবা সুলতানা, সদর সার্কেলের পুলিশ পরিদর্শক রওশনআরা বেগম, পুলিশ সুপার কার্যালয়ের উপপরিদর্শক তামান্না বিনতে কালাম, আসুস নির্বাহী পরিচালক রাজকুমার শাও, বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মো. মোস্তফা সরকার, রি-থিংক সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম সবুজ এবং মৌগাছী ইউনিয়নের ধর্মীয় নেতা মুফতি মঈনুল ইসলাম বেলালী।
এ ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, উন্নয়নকর্মী, যুব প্রতিনিধি, ভুক্তভোগী, ধর্মীয় নেতা, সাংবাদিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।
বক্তারা নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, গণমাধ্যম ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। অনলাইন জেন্ডার সহিংসতা, সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।