ফেসবুকে বিভিন্ন নামে পেজ খুলে পণ্য ও চাকরির আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে প্রতারণার অভিযোগে নড়াইলে দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং ৮২ হাজার ৮১০ টাকা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জেলা ডিবি পুলিশের ওসি মো. আলাউদ্দীন জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশ ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সদস্যরা অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন কালিয়া উপজেলার পাটেশ্বরী দক্ষিণপাড়ার মোর্তজা (২৭) এবং নারায়ণপুর গ্রামের লিমন মোল্যা (২৭)। মোর্তজা ওবাইদুল্লাহর ছেলে এবং লিমন মোল্যা কামাল মোল্যার ছেলে। লিমন বিকাশ এজেন্ট হিসেবে কাজ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘বেবি বাইক সপ বিডি’, ‘মিশরীয় মুরগি সেল বাজার ২.০’, ‘কম্বল.বিডি’সহ একাধিক নামে ফেসবুক আইডি ও পেজ পরিচালনা করত অভিযুক্তরা। এসব মাধ্যমে স্বল্পমূল্যে পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে টাকা নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে। প্রায় দুই বছর ধরে তারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।
এক ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ সুপার মোহাম্মাদ আল মামুন শিকদারের নির্দেশনায় সংশ্লিষ্ট পুলিশ দল অভিযান শুরু করে। গ্রেফতারের পর দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।




