ডিজিটাল বিমা সেবা ও উদ্ভাবনী উদ্যোগের জন্য বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড ২০২৬-এ দুটি স্বীকৃতি অর্জন করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। প্রতিষ্ঠানটির অটোমেটেড ক্লেইম প্রসেসিং সিস্টেম (এসিপিএস) পেয়েছে ‘ইন্স্যুরেন্স ইনোভেশন অ্যাওয়ার্ড’। আর ‘গার্ডিয়ান অ্যাক্সিডেন্টাল কেয়ার’ উদ্যোগকে দেওয়া হয়েছে ‘অনারেবল মেনশন’।
গার্ডিয়ান জানিয়েছে, প্রযুক্তিনির্ভর এসিপিএস ব্যবস্থার মাধ্যমে বিমাদাবি নিষ্পত্তির বিভিন্ন ধাপ একটি ডিজিটাল প্ল্যাটফর্মে আনা হয়েছে। এতে দাবি জমা থেকে শুরু করে যাচাই, মূল্যায়ন ও চূড়ান্ত নিষ্পত্তি পর্যন্ত প্রক্রিয়া সহজ হয়েছে। কমেছে কাগজপত্রের ব্যবহার ও হাতে করা কাজ। একই সঙ্গে গ্রাহকেরা অনলাইনে দাবির অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারছেন।
২০২৫ সালের আগস্ট থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত প্রতিষ্ঠানটি ২ লাখ ৬১ হাজারের বেশি বিমাদাবি নিষ্পত্তি করেছে, যার মোট আর্থিক মূল্য ৫৫৭ কোটি টাকার বেশি। এর মধ্যে ৪৩ হাজার ৩২টি দাবি জমা দেওয়ার দিনেই নিষ্পত্তি হয়েছে। এক সপ্তাহের মধ্যে নিষ্পত্তি হয়েছে মোট দাবির ৯৭ শতাংশ।
প্রতিষ্ঠানটির আরেক উদ্যোগ অ্যাক্সিডেন্টাল কেয়ার স্বল্পমেয়াদি দুর্ঘটনা বিমাকে সহজলভ্য করার লক্ষ্যে চালু করা হয়েছে। এ ব্যবস্থায় কনসার্ট, কনফারেন্স ও অন্যান্য অনুষ্ঠানের টিকিট বুকিং বা নিবন্ধনের সঙ্গে বিমা সুবিধা যুক্ত করা যায়। ১০ টাকা থেকে শুরু হওয়া এ সেবায় ২৪ ঘণ্টার জন্য দুর্ঘটনাজনিত স্বাস্থ্য ও জীবন বিমায় সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত কভারেজের সুযোগ রয়েছে।
গার্ডিয়ান লাইফের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, গ্রাহকদের জন্য বিমা সেবা আরও সহজ ও নির্ভরযোগ্য করার লক্ষ্যেই প্রতিষ্ঠানটি কাজ করছে। দাবি নিষ্পত্তির অভিজ্ঞতা উন্নত করার পাশাপাশি দুর্ঘটনা বিমাকে সাশ্রয়ী করতে নেওয়া হয়েছে নতুন উদ্যোগ। এ ধরনের স্বীকৃতি ভবিষ্যতে উদ্ভাবনী সেবা বিস্তারে অনুপ্রেরণা দেবে বলে তিনি উল্লেখ করেন।
বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডে পাওয়া এ দুই স্বীকৃতিকে প্রযুক্তির ব্যবহার, সেবার মানোন্নয়ন এবং বিমা খাতে গ্রাহকের আস্থা বৃদ্ধিতে গার্ডিয়ানের প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছে প্রতিষ্ঠানটি।