অর্থ পাচার, রাষ্ট্রীয় সম্পদ লুট, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেছেন, অতীতের অপরাধের জবাব না দিয়ে রাজনীতিতে ফেরার দাবি গ্রহণযোগ্য নয়।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের অষ্টম জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থসম্পদ লুটপাট ও বিদেশে পাচার, গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে। জাতিসংঘের হিসাব উল্লেখ করে তিনি বলেন, ওই সময়ে প্রায় এক হাজার ৪০০ মানুষ হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার সঙ্গে জড়িতদের দেশে ফিরে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।
তিনি বলেন, অতীতের বেআইনি কর্মকাণ্ড, ব্যাংক লুট ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আদালতের রায় মেনে চলার আহ্বান জানান তিনি। এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই দেশের রাজনীতিতে তাদের অবস্থান জনগণ বিবেচনা করবে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী।
ইয়াসের খান চৌধুরী আরও বলেন, দেশ ছেড়ে পালিয়ে গিয়ে আবার জনগণকে উদ্ধারের কথা বলা হচ্ছে। কিন্তু অতীতে কী ঘটেছে, তা দেশের মানুষ জানে। তাই রাজনৈতিক বক্তব্যের আগে নিজেদের কর্মকাণ্ডের জবাব দেওয়া জরুরি।
গণতন্ত্র ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকার প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকদের লেখনী এবং ফটোসাংবাদিকদের ক্যামেরা সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সংবাদমাধ্যমের কার্যক্রমও ডিজিটাল পরিসরে বিস্তৃত হচ্ছে। এ পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে ফটোসাংবাদিকরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
তিনি বলেন, ভোটাধিকার, গণতান্ত্রিক পরিবেশ ও জনগণের অধিকার সুরক্ষায় সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ফ্যাসিবাদ ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার পাশাপাশি জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান তিনি।
ফটোসাংবাদিকদের পেশাগত বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করা হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি সাংবাদিকদের যেকোনো সংকটে সরকার সহযোগিতা করতে প্রস্তুত বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্বাহী পরিচালক বাছির জামাল, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহসিন ও সাধারণ সম্পাদক বাবুল তালুকদারসহ অনেকে।



