বাল্যবিবাহ প্রতিরোধে সরকারি-বেসরকারি পর্যায়ে সমন্বিত কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, শুধু সরকারি উদ্যোগে নয়, সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে বাল্যবিবাহ সম্পূর্ণ নির্মূল করা সম্ভব।
রবিবার (২৯ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে বাল্যবিবাহ বন্ধে জাতীয় কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত আন্তমন্ত্রণালয় সংলাপ ও কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এবং ইউনিসেফ যৌথভাবে এ আয়োজন করে।
মন্ত্রী বলেন, বাল্যবিবাহ বন্ধ করা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় অগ্রাধিকার। এ লক্ষ্য অর্জনে বিভিন্ন মন্ত্রণালয়কে নিজেদের কর্মসূচি সমন্বয়ের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। জনগণের কল্যাণ নিশ্চিত করাই সব মন্ত্রণালয়ের মূল দায়িত্ব। তাই বিচ্ছিন্নভাবে কাজ না করে সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, আর্থিক সীমাবদ্ধতা থাকলেও বিদ্যমান বরাদ্দ ও সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রমের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সুশীল সমাজ, বেসরকারি উন্নয়ন সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সক্রিয় ভূমিকা প্রয়োজন।
কর্মশালায় বক্তারা জানান, বাংলাদেশে বর্তমানে ৪৭ দশমিক ২ শতাংশ নারী ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই বাল্যবিবাহের শিকার হন। ১৫ বছরের কম বয়সীদের মধ্যে বাল্যবিবাহের হার কমলেও ১৮ বছরের নিচে বিয়ের প্রবণতা এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে।
বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবগুলোর কার্যক্রমের তথ্য তুলে ধরে বক্তারা জানান, দেশের ৪ হাজার ৮৮৩টি ইউনিয়নে এসব ক্লাব পরিচালিত হচ্ছে। প্রতিটি ক্লাবে ১০ থেকে ১৯ বছর বয়সী ৩০ জন করে সদস্য রয়েছে। ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এসব ক্লাবের উদ্যোগে ৫ হাজার ২৯৫টি বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. রওশন আরা বেগম, বাংলাদেশে ইউএনএফপিএর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ক্যাথরিন ব্রিন কামকং এবং ইউনিসেফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রতিনিধি এমানুয়েল আব্রিও। আন্তমন্ত্রণালয় পর্যায়ের এ সংলাপে সরকারের ২৫টি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেন।