বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে জার্মান বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সরকার। পাট, ওষুধ, সিরামিক, তথ্যপ্রযুক্তি ও হালকা প্রকৌশলসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরেছে ঢাকা।
জার্মান ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তার মতে, বিভিন্ন খাতে নতুন বিনিয়োগের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বার্লিনে জার্মান ফেডারেল অ্যাসোসিয়েশন ফর ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড ফরেন ট্রেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মাইকেল শুম্যানের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, নতুন বাণিজ্যিক সম্ভাবনা খুঁজে বের করতে দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়মিত সফর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন উভয় পক্ষ।
বৈঠকে বাংলাদেশের রপ্তানি খাতের সম্ভাবনা তুলে ধরে শামা ওবায়েদ পাট ও পাটজাত পণ্য, সিরামিক, ওষুধ, তথ্যপ্রযুক্তি এবং হালকা প্রকৌশল শিল্পে জার্মান বিনিয়োগের সুযোগের কথা বলেন। পাশাপাশি জ্বালানি নিরাপত্তা, অভিবাসন ও ভিসা প্রক্রিয়া সহজ করার ক্ষেত্রেও দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
অভিবাসন ও মানুষের যাতায়াত সহজ করতে সরকার-টু-সরকার (জিটুজি) ব্যবস্থাপনা চালুর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করেন তারা। এ ছাড়া সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়টি আলোচনায় স্থান পায়।
জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও সৌরবিদ্যুৎ খাতেও পারস্পরিক সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে নিজেদের সমর্থন পুনর্ব্যক্ত করেন মাইকেল শুম্যান। রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রশংসাও করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক রায় নিয়েও আলোচনা হয়। মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক মহলের সমর্থন প্রয়োজন বলে উভয় পক্ষ মত দেয়।
এদিকে একই দিন বার্লিনে ‘পরিবর্তনশীল বৈশ্বিক ব্যবস্থায় কৌশলগত অংশীদারত্ব’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শামা ওবায়েদ ইসলাম।
তিনি বলেন, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৌশলগত সরবরাহব্যবস্থায় বৈচিত্র্য আনার দিকে বাংলাদেশ গুরুত্ব দিচ্ছে। পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে জাতীয় স্বার্থ রক্ষা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধি অর্জনে বাস্তবভিত্তিক এবং কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলার ওপর জোর দিচ্ছে সরকার।