দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থানের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এই অভ্যুত্থানের ইতিহাস ও শহীদদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিচিহ্ন সংরক্ষণ জরুরি।
জুলাই গণঅভ্যুত্থানকে দীর্ঘ ১৮ বছরের ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের পরিণতি হিসেবে উল্লেখ করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি বলেছেন, এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা ছিল না; বরং দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের চূড়ান্ত প্রকাশ।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে দুই দিনব্যাপী বিশেষ প্রদর্শনী ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসনামলে প্রায় ১৮ বছর ধরে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্যাতনের মতো ঘটনা ঘটেছে। এ সময়ে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে এবং নির্বাচনী ব্যবস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। বিনা ভোট ও রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা ধরে রাখার অভিযোগও করেন তিনি।
জুলাইয়ের আন্দোলনের সূচনা প্রসঙ্গে নিতাই রায় চৌধুরী বলেন, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শুরু করা আন্দোলন একপর্যায়ে সর্বস্তরের মানুষের আন্দোলনে রূপ নেয়। এতে রিকশাচালক, শ্রমিক, মেহনতি মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক শক্তি যুক্ত হয়। আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার ও হেলিকপ্টার থেকে গুলি চালানোর পরও ছাত্র-জনতা রাজপথ ছাড়েনি।
তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দল-মত ও ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুলসংখ্যক মানুষ রাজপথে নেমে এলে তৎকালীন সরকারের পতন ঘটে।
শহীদ ও আহতদের আত্মত্যাগ স্মরণ করে সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকারি হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে ৮৫৬ জন শহীদ হয়েছেন। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আহত হয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। তাদের অনেকে দৃষ্টিশক্তি হারিয়েছেন, আবার কেউ কেউ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। শহীদ পরিবারগুলোর শোককে তিনি পুরো জাতির শোক হিসেবে উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের অন্যতম উদ্দেশ্য হলো শহীদ পরিবারগুলোর স্মৃতি, আত্মত্যাগ এবং সাধারণ মানুষের সংগ্রামের ইতিহাস সংরক্ষণ করা। ইতোমধ্যে প্রায় ১ হাজার ৮০০ স্মারক সংগ্রহ করা হয়েছে। ভবিষ্যতে আরও স্মৃতিচিহ্ন সংগ্রহ করে সংরক্ষণের উদ্যোগ অব্যাহত থাকবে।
জাদুঘরের পরিসর বাড়িয়ে সংগৃহীত স্মারকগুলো স্থায়ীভাবে প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্ম যেন জুলাই গণঅভ্যুত্থানের প্রকৃত ইতিহাস এবং শহীদদের অবদান সম্পর্কে জানতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থান এবং বিগত দেড় দশকের স্বৈরাচারী শাসনের ইতিহাস সংরক্ষণ ও গবেষণার উদ্দেশ্যে এ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। শহীদদের ব্যবহৃত স্মৃতিচিহ্ন সংগ্রহের আহ্বানে সাড়া দিয়ে অনেক পরিবার ও ব্যক্তি যোগাযোগ করেছেন। এ পর্যন্ত ৫৯০ জন শহীদের স্মারক জাদুঘরে সংরক্ষিত হয়েছে।
তিনি জানান, নিয়মিত গ্যালারিতে জায়গার সীমাবদ্ধতার কারণে বর্তমানে ২০৫ জন শহীদের পাঁচ শতাধিক স্মারক স্থায়ীভাবে প্রদর্শন করা যাচ্ছে। তবে জাদুঘরের সংগ্রহে প্রায় দেড় থেকে দুই হাজার স্মারক রয়েছে। এসব স্মৃতিচিহ্ন সাধারণ মানুষ ও শহীদ পরিবারের সদস্যদের দেখার সুযোগ করে দিতেই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এ ছাড়া শহীদ পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।




