লেনদেনে স্বচ্ছতা, জবাবদিহি ও ব্যবসায়িক ব্যয় কমাতে দেশের আর্থিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, রিয়েল-টাইম ও আন্তঃসংযুক্ত ব্যবস্থাই বাজারভিত্তিক অর্থনীতি প্রতিষ্ঠার অন্যতম উপায়।
শনিবার (২৮ নভেম্বর) ঢাকার মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি অডিটোরিয়ামে লোকাল এলসিসংক্রান্ত লেনদেনের তথ্য বিনিময়ের অনলাইন প্ল্যাটফর্ম ‘বাংলাদেশ রিয়েল-টাইম ট্রেড অ্যারেঞ্জমেন্ট’ (বার্তা) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকার মুক্তবাজার অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। এ জন্য ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে আধুনিক প্রযুক্তিনির্ভর কাঠামো গড়ে তোলা প্রয়োজন। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগের সঙ্গে তাল মেলাতে প্রতিটি লেনদেন দ্রুত সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার মধ্যে সমন্বয় থাকতে হবে।
তিনি বলেন, আগে বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বিচ্ছিন্নভাবে পরিচালিত হতো। ফলে তথ্য আদান-প্রদান ও লেনদেনে সমন্বয়ের ঘাটতি ছিল। বাংলাদেশ ব্যাংক, পুঁজিবাজার, জাতীয় রাজস্ব বোর্ড, বীমা নিয়ন্ত্রক সংস্থা এবং বড় প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপন করা না গেলে তাৎক্ষণিক তথ্য ব্যবস্থাপনা সম্ভব নয়।
বার্তা প্ল্যাটফর্মের মাধ্যমে লেনদেন পর্যবেক্ষণ সহজ হবে, স্বচ্ছতা বাড়বে, সময় ও পরিচালন ব্যয় কমবে এবং স্থানীয় মূল্য সংযোজনের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী। একই ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দরেও চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
বীমা ও পুঁজিবাজারের অনিয়ম প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, বীমা খাতে অনিয়মের কারণে গ্রাহকদের দাবি নিষ্পত্তিতে বিলম্ব, বিনিয়োগ ও সম্পদ ব্যবস্থাপনায় জটিলতা তৈরি হয়েছে। পাশাপাশি সরকারি রাজস্ব ও প্রিমিয়াম আদায়েও ক্ষতি হয়েছে। কাভার নোট, প্রিমিয়াম পরিশোধ এবং ব্যাক-টু-ব্যাক এলসির অপব্যবহার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক ও বীমা নিয়ন্ত্রক সংস্থার মধ্যে তথ্যপ্রযুক্তিগত সমন্বয় বাড়ানো হচ্ছে।
পুঁজিবাজারেও নিয়ন্ত্রক সংস্থা, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, তালিকাভুক্ত কোম্পানি এবং ব্রোকারেজ প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে নজরদারি বাড়বে এবং অনিয়ম ও যোগসাজশের সুযোগ কমবে বলে জানান তিনি।
রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে মন্ত্রী বলেন, রাজস্ব বৃদ্ধি ছাড়া বিনিয়োগ, বাণিজ্য ও সামাজিক উন্নয়ন কর্মসূচির মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন। এ ক্ষেত্রে অটোমেশন ও সংস্কারে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার প্রশংসা করেন তিনি।
সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা চেয়ে অর্থমন্ত্রী বলেন, দেশের ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও জনকল্যাণের স্বার্থে প্রয়োজনীয় কঠিন সিদ্ধান্ত নিতে সরকার প্রস্তুত। কাস্টমস ও জাতীয় রাজস্ব বোর্ডসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে অংশীজনদেরও এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক, আর্থিক ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




